[ জাতীয় ]
নির্বাচন কমিশনে ই-নথি বাধ্যতামূলক
নির্বাচন কমিশন ভবন
করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি কাজ চলমান রাখতে ই-নথি বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ ছুটিতে জরুরি কার্যক্রম পরিচালনায় এ সিদ্ধান্ত মানতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ইসির সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেয়া হয়।
ইসি সূত্রে জানা গেছে, ইসি সচিবালয়ের জরুরি ফাইলগুলো এখন পিয়নের মাধ্যমে সচিবের বাসায় পাঠানো হয়। ফাইলের মাধ্যমে ভাইরাসে আক্রান্তের শঙ্কা থেকে এমন আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগের পরিপ্রেক্ষিতে সরকার ঘোষিত ছুটির সময় জরুরি প্রয়োজনে অফিসের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ই-নথি ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তাদের এরইমধ্যে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এতে বলা হয়, কাজের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৭ মে থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে ই-নথি ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হলো। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!